কবিতাঃ অ বিদ্যাসাগর মশাই
লেখকঃ দেবাশিস দণ্ড
কি ফ্যাচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই!
অখন তুমার কথাটা না পাইরছি ফেইলতে না পাইরছি
গিলতে,
কোন্টা ধইরবো আর কোন্টা ছাইড়বো বুঝতেই লাড়ছি।
ক্যানে যে মইরতে বর্ণপরিচয় বইটা পইড়তে গেলাম!
তুমি লেখেছ;সদা সত্য কথা কহিবে।
যি সত্য কথা কয় উয়াকে সকলে ভালোবাসে।
ই বাবা!আমি তুমার বর্ণপরিচয় পড়া লোক বইঠে,মিছা
কথা ক্যানে বইলবো।
কিন্তু ফ্যাচাং হইলো মিছা বইল্লে পাবলিক দাঁত
ক্যালাছে
আর সত্য বইল্লে আরও!আমাকে ধরেই ক্যালাছে।
ভালোবাসা-টালোবাসা ছাইড়ে দাও,
আজতক যত লথ খাইয়েছি সত্য বলবার লাইগে।
কি ফ্যাচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই!
অখন তুমার কথাটা না পাইরছি ফেইলতে না পাইরছি
গিলতে।
তুমি বইল্লে চুরি করা বড় দোষ,যি চুরি করে
উয়াকে সকলে ঘিন্না করে।
ইটা কি বইল্লে গো বিদ্যাসাগর মশাই!
একবারটি দেইখবে আসো,যি যতবড় চোর সি ততবড় পুজা
পাইচ্ছে।
চাল,কলা,ফুল-মালা সবেই পাইচ্ছে।
হাত কচলা-কচলি আর দাঁত কেলাকেলি দেইখলে মাথাটা
তুমার খারাপ হইয়ে যাবে।
আর সাধুগুলার যা অবস্থা! কি বইলবো; উয়াদের
ল্যাংটিটাও জুটছে লাই।
কি ফ্যাচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই!
অখন তুমার কথাটা না পাইরছি ফেইলতে না পাইরছি
গিলতে।
তুমি সুশীল বইলে একটা ছেলার কথা লিইখেছিলে,
উ দমতক লিখা-পড়া কইরতো।
বইলতো,লিখা-পড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইবো।
তুমার সুশীলকে বইলে দিও,অখন সব উলটাইঙ্গেছে,লিখা-পড়া
করল্লেই মরণ।
বিধানের কথাটাই ধরো,কত কষ্ট কইরে ঘটি বাটি
বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ কইল্লো
অখন না পাইরছে ভ্যান রিকশা টাইনতে না পাইল
চাগরী।
ইধার উধার ঘুইরে বুলছে আর ফক ফক কইরে বিড়ি
টাইনছে।
আরও শুইনবে,বাদল পালের গুডবয় বড় ব্যাটাটা
উয়ার নামও সুশীল,
দিন-রাত এইক কইরে পড়া-লিখা কইল্লো কইরে কি
হইল্লো, ফিলিপকাটের ডেলিভারী বয়।
আর ফুকনা ছোট ব্যাটাটা,চোথা মাইরে গোটা কতক
পাশ কইল্লো।
ইয়ার পর ঝান্ডা ধইরে সোজা মাস্টার, মাস ঘুরলেই
পঞ্চাশ হাজার।
অ বিদ্যাসাগর মশাই! তুমি আর একবারটি ঘুরেই
আসো,
আইসে কইরে হয় সমাজটাকে পাল্টাইঙ দাও লাইতো
তোমার বর্ণপরিচয় বইটাকে।


No comments:
Post a Comment